চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে জেলাটিতে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৩ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৩ জনে।
এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৩ হাজার ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫৭৬ জন চিকিৎসা নিয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে।
ইতি/
