, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 79%

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় দায়িত্বে বহাল রাখার দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এ কর্মসূচি পালন করেন তাঁরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রীদের তিনটি আবাসিক হল থেকেও বিপুলসংখ্যক নারী শিক্ষার্থী অংশ নেন।

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমের স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁদের একদফা দাবি, অধ্যাপক সায়েমকে অবিলম্বে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে।

মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে একাডেমিক ভবন-২, ছাত্রীদের আবাসিক হল এবং শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে রাত সাড়ে ১১টার দিকে স্বাধীনতা চত্বরে কর্মসূচি শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, দীর্ঘ সময় পর তাঁরা একজন উপাচার্য পেয়েছিলেন, যিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন। তাঁর অভিযোগ, কোনো কারণ দর্শানো ছাড়াই অধ্যাপক সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একাডেমিকসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর সহযোগিতার কথা উল্লেখ করে ইফাজ বলেন, অধ্যাপক সায়েমকে দ্রুত পুনর্বহাল করাই তাঁদের একমাত্র দাবি।

উল্লেখ্য, গত ২৭ জুলাই অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত