, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 78%

চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। অভিযোগ রয়েছে, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও নিবন্ধন কার্যক্রম আটকে রাখা হয়। পরে দলিল নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন ওই আইনজীবী।

পরে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ জানান। পাশাপাশি দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ লিখিত আবেদন করেন তিনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে দুদক সূত্রে জানা গেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত