চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্য প্রস্তুতে পোড়া তেল ব্যবহার, ক্ষতিকর উপাদান বিক্রি এবং পণ্যের উৎপাদনসংক্রান্ত তথ্য নিয়ে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে লোকনাথ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর, বুট ভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার পাশাপাশি খাদ্য প্রস্তুতে পোড়া তেল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
এ ছাড়া খাদ্যদ্রব্যে ব্যবহারের জন্য ক্ষতিকর কেওড়া জল বিক্রির অভিযোগে মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা এবং ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির দায়ে ফেনী স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, তৃতীয় পক্ষের কাছ থেকে ঘি সংগ্রহ করে নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে বিক্রির অভিযোগে আর এন সুপার বাঘাবাড়ি ঘি প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং খাদ্যনিরাপত্তা-সংক্রান্ত আইন ও বিধিবিধান মেনে চলতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি এবং নিরাপদ খাদ্যসংক্রান্ত নিয়মকানুন অনুসরণ করতে হবে। ভোক্তাদের জন্য ক্ষতিকর বা অনিরাপদ খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইতি/
