, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চাকসুর কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মতামতভিত্তিক এক জরিপে সবচেয়ে কার্যকর হিসেবে মূল্যায়িত হয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব। অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ূবুর রহমান তৌফিককে সবচেয়ে কম কার্যকর হিসেবে মূল্যায়ন করেছেন জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তাঁদের মতে, আবাসন, যাতায়াত ও স্বাস্থ্যসেবা চাকসুর কার্যক্রমের দুর্বল ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম।

 

শনিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি ও চাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাকিব মাহমুদ রুমী প্রকাশিত ‘আমার চোখে চাকসু’ শীর্ষক জরিপে এ চিত্র উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের ৪৪টি বিভাগ ও ইনস্টিটিউটের ৪০২ জন শিক্ষার্থী এতে অংশ নেন।

 

জরিপে চাকসুর নির্বাহী সদস্যদের মধ্যে মো. সোহানুর রহমানকে সবচেয়ে কার্যকর এবং জান্নাতুল ফেরদাউস সানজিদাকে সবচেয়ে কম কার্যকর হিসেবে মূল্যায়ন করা হয়েছে। সম্পাদকদের মধ্যে পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ পেয়েছেন সর্বোচ্চ ইতিবাচক মূল্যায়ন। বিপরীতে, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরানকে সবচেয়ে কম কার্যকর হিসেবে চিহ্নিত করেছেন অংশগ্রহণকারীরা।

 

চাকসুর সামগ্রিক কার্যক্রমের নম্বরভিত্তিক মূল্যায়নেও শিক্ষার্থীদের মধ্যে মতভিন্নতা দেখা গেছে। জরিপে ৯ দশমিক ৭ শতাংশ অংশগ্রহণকারী ৭ নম্বর, ৮ দশমিক ৯ শতাংশ ৭ দশমিক ৫ নম্বর, ৮ দশমিক ২ শতাংশ ৬ নম্বর এবং ৭ দশমিক ৯ শতাংশ ৬ দশমিক ৫ নম্বর দিয়েছেন। অন্যদিকে, ৭ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী চাকসুকে মাত্র ০ দশমিক ৫ নম্বর দিয়েছেন।

 

জরিপে লাইব্রেরি সংস্কার, অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু এবং ক্যান্টিনের খাবারের মানোন্নয়নকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আবাসনসংকট, যাতায়াতের অসুবিধা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষও উঠে এসেছে।

 

সামগ্রিকভাবে, জরিপের ফলাফল চাকসুর কিছু উদ্যোগের প্রতি শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাবের পাশাপাশি মৌলিক শিক্ষার্থীসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত