, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

তারেক রহমানের হোটেলের কাছে সন্দেহজনক স্যুটকেস

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে জোরদার নিরাপত্তাব্যবস্থার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের কাছাকাছি একটি পরিত্যক্ত স্যুটকেসকে কেন্দ্র করে নিরাপত্তা তৎপরতা চালিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

মঙ্গলবার (স্থানীয় সময়) বিকেলে ম্যানহাটনের ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছে একটি কালো স্যুটকেস পড়ে থাকতে দেখা যায়। স্থানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের কাছাকাছি হওয়ায় বিষয়টি ঘিরে সতর্কতা জারি করা হয়।

স্যুটকেসটির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে ৪২ থেকে ৪৪তম স্ট্রিটের কয়েকটি অংশে যানবাহন ও পথচারীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতি পর্যালোচনা ও স্যুটকেসটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ দলসহ বিশেষায়িত ইউনিট মোতায়েন করা হয়। এ সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ক্রাইসলার বিল্ডিংয়ের কিছু অংশ খালি করা হয় বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রায় দেড় ঘণ্টা তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর কর্তৃপক্ষ জানায়, স্যুটকেসটি থেকে কোনো হুমকির আশঙ্কা নেই। পরবর্তী সময়ে এনওয়াইপিডিও জানায়, পরীক্ষা শেষে প্যাকেজটিকে আর সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন চলায় নিউইয়র্কের ম্যানহাটনজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, স্যুটকেসটিতে বোমা ছিল—এমন কোনো তথ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। তদন্ত শেষে সেটিকে হুমকিমুক্ত বলে জানানো হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত