জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, চলমান অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং ভবিষ্যতে অংশীদারত্বের নতুন ক্ষেত্র চিহ্নিত করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।
এর আগে একই দিন সকালে জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জে’ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অধিবেশনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এবারের অধিবেশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৈশ্বিক সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় প্রাধান্য পাচ্ছে।
ইতি/
