, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

জিমেইলে নতুন ‘কপি কোড’ সুবিধা

নিজস্ব প্রতিবেদক

জিমেইলে ই-মেইলের মাধ্যমে আসা ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার নতুন সুবিধা চালু করছে গুগল। ‘কপি কোড’ নামের এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করতে পারবেন। এতে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে সাইন-ইন করার প্রক্রিয়া আরও সহজ হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট 9to5Google-এর প্রতিবেদন অনুযায়ী, জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে নতুন সুবিধাটি যুক্ত করা হচ্ছে। ইনবক্সে ভেরিফিকেশন কোড-সংবলিত ই-মেইল এলে বার্তার প্রিভিউয়ের পাশে ‘কপি কোড’ নামে একটি বাটন দেখা যাবে। সেটিতে ট্যাপ করলেই কোডটি ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। পরে সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে কোডটি পেস্ট করে যাচাই সম্পন্ন করা যাবে।

এতদিন ই-মেইলে ওটিপি এলে ব্যবহারকারীদের বার্তা খুলে কোড খুঁজে বের করে কপি করতে হতো। নতুন সুবিধার ফলে সেই অতিরিক্ত ধাপ এড়িয়ে দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, জিমেইলের অ্যান্ড্রয়েড ২০২৬.০৯.০৭.x এবং আইওএস ৬.০.২৬০৯০৭ সংস্করণে ফিচারটি দেখা গেছে। তবে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি কবে নাগাদ পুরোপুরি উন্মুক্ত হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গুগল মেসেজেসে এসএমএসের মাধ্যমে আসা যাচাই কোড দ্রুত কপি করার সুবিধা চালু ছিল। এবার জিমেইলেও একই ধরনের সুবিধা যুক্ত হওয়ায় ই-মেইলভিত্তিক পরিচয় যাচাই আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত