অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করছেন তারা। পাশাপাশি শিক্ষার্থীদের ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন কর্মকাণ্ডে সময় কাটাতে দেখা গেছে।
এ বিষয়ে শিক্ষার্থীদের বক্তব্য, উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমের পুনর্বহালই তাদের একমাত্র দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার সকাল ১০টার পর চট্টগ্রাম সার্কিট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাত থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। বুধবার দ্বিতীয় দিনেও কর্মসূচি অব্যাহত থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।
ইতি/
