, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। অন্যদিকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। পরদিনের বৈঠকে প্রস্তাব পর্যালোচনা করে ভাড়া চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় পরিবহন মালিকেরা প্রচলিত হিসাব অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই প্রস্তাব থেকে ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও জানান, হিসাব অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা থাকলেও যাত্রীদের স্বার্থ বিবেচনায় ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ২৩ এপ্রিল বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। তখন ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা এবং দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত