চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা, গাঁজা, চোলাইমদ, বিদেশি মদ, বিয়ার ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে পাঠানো তথ্যে এসব বিষয় জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৭৭ জন, পূর্ববর্তী মামলায় ১০৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪১ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১২৯ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন ৯৬ জন। তাঁদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৯৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আদায় করা হয়েছে ২০ হাজার ৫০ টাকা অর্থদণ্ড। এ সময় মোট ৩১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ হাজার ২৬৯ পিস ইয়াবা, ২১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৯৬ লিটার চোলাইমদ, ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ বোতল বিদেশি মদ, ৯৫ বোতল স্কাফ সিরাপ, ৩৭ ক্যান বিয়ার এবং ১০ বোতল ফেয়ারডিল সিরাপ।
ইতি/
