সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই তা শনাক্ত ও প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ লক্ষ্যে গুজব শনাক্তকরণ, তথ্য যাচাই এবং দ্রুত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ করে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য, পুরোনো ছবি-ভিডিও কিংবা ভিন্ন ঘটনার কনটেন্ট নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচারের বিষয়ে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়’ শীর্ষক এক অনলাইন সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিআইও-১, ওসি ডিবি এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যকে সরাসরি সত্য হিসেবে গ্রহণ না করে এর উৎস, সময় ও প্রেক্ষাপট যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ভাইরাল হওয়া ছবি, ভিডিও বা পোস্টটি সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, কিংবা পুরোনো বা ভিন্ন কোনো ঘটনার কনটেন্ট নতুন ঘটনার নামে প্রচার করা হচ্ছে কি না—তা যাচাই করতে বলা হয়েছে।
দুর্গাপূজা, পূজামণ্ডপ, ধর্মীয় সম্প্রীতি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্ট নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির আশঙ্কা রয়েছে—এমন কোনো কনটেন্ট নজরে এলে দ্রুততম সময়ে তার সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।
জেলা পুলিশ জানিয়েছে, গুজব শনাক্ত হওয়ার পর দ্রুত তথ্য যাচাই করে প্রকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়াই সাইবার মনিটরিং কার্যক্রমের অন্যতম লক্ষ্য। পাশাপাশি গুজব বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে অপরাধের উপাদান পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সভা থেকে জনসাধারণের প্রতিও যাচাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
ইতি/
