জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাধারণ পরিষদের অধিবেশন হলে তিনি বাংলায় বক্তব্য দেন। বাংলাদেশ সময় অনুযায়ী ভাষণটি দেওয়া হয় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই তারেক রহমানের প্রথম ভাষণ। এতে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, অভিবাসন, প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
ভাষণে বাংলাদেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—কৌশলের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বৈশ্বিক সংঘাতের সমাধানে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, নিরস্ত্রীকরণ, অভিবাসন ও প্রযুক্তিতে সমান সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য হলো—‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’। এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ভাষণ দেওয়া জিয়া পরিবারের তৃতীয় সদস্য তারেক রহমান। এর আগে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দিয়েছিলেন।
ভাষণের আগে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত ঝুঁকি মোকাবিলায় জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
এ ছাড়া জাতিসংঘ সফরের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করেন। গুতেরেসের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, শান্তি ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জাতিসংঘে প্রথম ভাষণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকার ও বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইতি/
