কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে তাঁর তোলা ‘চাঁদাবাজির’ অভিযোগকে ঢালাও মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, সালমান মুক্তাদির ওই ঘটনার শিকার হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় একটি জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে একটি পক্ষ সেখানে দখলের চেষ্টা করলে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের কনটেন্ট তৈরির স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এ ঘটনায় সালমান মুক্তাদির এখনো কোনো মামলা করেননি। তাঁর কাছে চাঁদা চাওয়া হয়েছিল—এমন নির্দিষ্ট তথ্যও তিনি পাননি বলে জানান।
বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে উল্লেখ করে সালমান মুক্তাদিরের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগটি নির্দিষ্টভাবে মামলা আকারে দেওয়া হলে তা তদন্ত করে দেখা হবে।
ঘটনার পর সালমান মুক্তাদির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিও ভাঙচুরের ভিডিও প্রকাশ করে হামলার অভিযোগ করেন।
ইতি/
