, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 72%

ডেঙ্গুর ‘রেড জোন’ চট্টগ্রামের ৮ ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওতাধীন আটটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে।

চসিকের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো—২ নম্বর জালালাবাদ, ৩ নম্বর পাঁচলাইশ, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া, ৩২ নম্বর আন্দরকিল্লা, ৩৪ নম্বর পাথরঘাটা এবং ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর।

এসব এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, ফগিংসহ মশক নিধন কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরজুড়ে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ও চালু রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরেও চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সেপ্টেম্বর মাসে ১ হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত এবং আটজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাসাবাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত