ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলাটিতে মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এসব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র ও মামলার নথি অনুযায়ী, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ এবং পরবর্তী সময়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে।
দুদকের তদন্তে অভিযোগ করা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে ‘ভিশন ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখিয়ে ইউসিবিএল থেকে ঋণ অনুমোদন করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানো এবং সেখানে সম্পত্তি কেনার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।
২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ, তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। তদন্ত শেষে আরও সাতজনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। দুজন আসামি মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এর আগে ২০২৬ সালের ১১ মার্চ ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
ইতি/
