, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চট্টগ্রামে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ৪৪৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ৩৫৪ জন কিশোর। যাচাই-বাছাই শেষে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ২৯৩ কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। আর অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় সমন্বিতভাবে অভিযানটি পরিচালনা করা হয়। কিশোরদের সম্ভাব্য আড্ডাস্থল হিসেবে চিহ্নিত পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে কিশোরদের দূরে রাখার আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত