, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

নিউইয়র্ক–ঢাকা সরাসরি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে যুক্তরাষ্ট্রে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা। ২৬ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে তাকে সমিতির আজীবন সদস্যপদ ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন দাবির বিষয়ে বক্তব্য দেন সরোয়ার আলমগীর। তিনি জানান, নিউইয়র্কের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে। শিগগিরই এ রুটে ফ্লাইট চালুর উদ্যোগ বাস্তবায়িত হবে বলেও তিনি উল্লেখ করেন।

চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রবাসীদের পক্ষ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে প্লট বরাদ্দের দাবি উঠলে অনুষ্ঠানের মধ্যেই সিডিএ চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন সরোয়ার আলমগীর। এ বিষয়ে চট্টগ্রাম সমিতি ও সিডিএর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) করার মাধ্যমে প্রবাসীদের দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

প্রবাসীদের জন্য সরকারের চালু করা ‘প্রবাসী কার্ড’-এর কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এ কার্ডের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৩১ দফার ভিত্তিতে দেশের পুনর্গঠনে কাজ করার কথা বলেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন সরোয়ার আলমগীর। তিনি বলেন, ওই ভাষণে বিশ্বশান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ ও নারীদের উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে বাংলায় বক্তব্য দেন।

চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুল। এতে সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়াসহ মোহাম্মাদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আযম, মোস্তফা কামাল বাবুল, মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম এবং বাংলাদেশ সমিতির ফিরোজ আলম বক্তব্য দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত