, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

অপ্রতিম হত্যা: আইফোনের লোভ থেকে হত্যার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

ছবি তোলা ও টিকটক ভিডিও তৈরির সূত্রে পরিচয়। সেই পরিচয়ের সূত্র ধরেই ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের সঙ্গে যোগাযোগ তৈরি হয় কয়েকজন তরুণের।

পুলিশের তদন্ত ও আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি অনুযায়ী, অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি নেওয়াকে কেন্দ্র করেই হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

ঘটনার কয়েক দিন আগে পরিকল্পনা এবং পরে ছবি তোলার কথা বলে অপ্রতিমকে নিয়ে যাওয়া হয় কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকায়। সেখানে কিছু সময় অবস্থানের পর অপ্রতিমের আইফোন অন্যদের হাতে যায়।

ফোনটি ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি। পরে পরিস্থিতি নেয় ভয়াবহ রূপ। আসামিদের জবানবন্দি অনুযায়ী, একপর্যায়ে পাশে থাকা কোদালের হাতল দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়।

১৮ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন সদর দক্ষিণের সানন্দা এলাকার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন অপ্রতিমের বাবা। তদন্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রথমে সাইফুল ইসলাম ওরফে তুহিনকে শনাক্ত করে পুলিশ। পরে আরও দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

২০ সেপ্টেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিন জবানবন্দিতে ঘটনার কিছু অংশে ভিন্নতা থাকলেও, অপ্রতিমের সঙ্গে আগে থেকেই পরিচয়, আইফোন নেওয়ার পরিকল্পনা, তাকে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে হামলার বিষয়ে বেশ কিছু মিল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে হত্যাকাণ্ডে প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না—তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়ার বিষয়।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের আইফোনটিও তদন্তের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

একটি শিশুর সঙ্গে পরিচয়, ছবি তোলার সম্পর্ক এবং একটি মুঠোফোনকে কেন্দ্র করে তৈরি হওয়া সেই যোগাযোগ শেষ পর্যন্ত গড়িয়েছে হত্যাকাণ্ডে। এখন তদন্তের অপেক্ষা—এই হত্যার পেছনে আসল পরিকল্পনা কী ছিল, কার ভূমিকা কতটা এবং ঘটনায় আর কারও সম্পৃক্ততা রয়েছে কি না।

অপ্রতিম হত্যার বিচার ও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দিকেই এখন তাকিয়ে তার পরিবার ও স্বজনেরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত