, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 80%

চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা এলাকার একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি জিসানকে তুলে নিয়ে যায়। এরপর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাঁকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নেওয়া হয়।

পরিবারের আরও দাবি, সেখানে জিসানের ওপর নির্যাতন চালানোর পর তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহটি মাইক্রোবাসে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়। তবে পরিবারের এসব অভিযোগের সবগুলো এখনো পুলিশের তদন্তে নিশ্চিত হয়নি।

চকরিয়া থানার পুলিশ জানায়, সোমবার ভোররাতে মহাসড়কের পাশে জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে কবির টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দারোয়ানসহ একাধিক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত