চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নবম দিনে গড়িয়েছে। এদিন প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ তুলে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে এতে অংশ নেন। তাদের ভাষ্য, প্রশাসনের নীরবতার প্রতীকী প্রতিবাদ হিসেবেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রসংলগ্ন সড়ক দিয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের জবাবদিহি এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কয়েক দিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি চললেও প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণেই প্রতীকীভাবে চোখে কালো কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে।
এর আগে ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ২২ সেপ্টেম্বর থেকে তারা ক্লাস-পরীক্ষা বর্জন ও শাটডাউন কর্মসূচি পালন করছেন।
আন্দোলনের অংশ হিসেবে এর আগের দিন শিক্ষার্থীরা মুখোশ মিছিল ও পরিচয়পত্র প্রদর্শন কর্মসূচি পালন করেন। চলমান সংকটের সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।
ইতি/
