, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 80%

সেপ্টেম্বরে মব সহিংসতায় নিহত ২৩, কারা হেফাজতে মৃত্যু ২৪

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর মাসে দেশে মব সহিংসতার অন্তত ৬৫টি ঘটনায় ২৩ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন। একই সময়ে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ২৪ জনের। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এমএসএফ। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মব সহিংসতায় নিহতের সংখ্যা কমলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। চুরি, ডাকাতি, জমি ও অর্থনৈতিক বিরোধ, বাকবিতণ্ডা এবং যৌন সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে এসব ঘটনার উল্লেখযোগ্য অংশ ঘটেছে।

কারা হেফাজতে মৃত্যুর চিত্রে সেপ্টেম্বরে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। আগস্টে যেখানে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ছিল ৯, সেপ্টেম্বরে তা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে এমএসএফ।

প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার চিত্রও তুলে ধরা হয়েছে। সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার বিভিন্ন ঘটনায় ৩৮৪ জন আহত এবং অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া অজ্ঞাত হামলায় আরও সাতজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে সংস্থাটি।

সেপ্টেম্বরে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের তথ্যও প্রতিবেদনে রয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৫ জন নারী। অপর একজনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা কিছুটা কমলেও আইনি হয়রানির প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে এমএসএফ। সংস্থাটির হিসাবে, সেপ্টেম্বরে ২৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার হয়েছেন। একই সময়ে নয়জন সাংবাদিক আইনি হয়রানির মুখে পড়েছেন।

ডিজিটাল বা সাইবার আইনে মামলার সংখ্যাও আগস্টের তুলনায় বেড়েছে। আগস্টে এ ধরনের মামলা ছিল তিনটি, সেপ্টেম্বরে তা বেড়ে আটটিতে পৌঁছেছে। একই সময়ে এসব মামলায় গ্রেপ্তারের সংখ্যাও তিন থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি প্রতিমা ভাঙচুরের ঘটনা এবং একটি জাতিগত নির্যাতনের ঘটনা নথিভুক্ত করার কথা জানিয়েছে এমএসএফ।

প্রতিবেদনে কুষ্টিয়ার মহাশ্মশানে গরু জবাই করে পিকনিক এবং চিতা ও সমাধির ওপর জুতা পায়ে ছবি তোলার ঘটনাটিও উল্লেখ করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতিও বাদ যায়নি এমএসএফের পর্যবেক্ষণ থেকে। সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত ও আহত হওয়া, আটক এবং পুশইনের চেষ্টার বিভিন্ন ঘটনা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি আহত হওয়ার তথ্যও রয়েছে।,

সেপ্টেম্বরের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় মব সহিংসতা, কারা হেফাজতে মৃত্যু, রাজনৈতিক সহিংসতা, সাংবাদিকদের হয়রানি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ উদ্বেগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে এমএসএফ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত