কক্সবাজারে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরী সীমা আক্তার (১৭)। সে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে পড়াশোনা করত সে।
জেলা প্রশাসনের বিচকর্মী মাহবুব আলম জানান, স্বজনদের সঙ্গে অটোরিকশায় করে যাওয়ার সময় সীমার ওড়না গাড়িটির পেছনের একটি চাকায় জড়িয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের এক সদস্য জানান, সোমবার সকাল ৬টার দিকে বড় আলমপুর থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে তারা সবাই মিলে সুগন্ধা সৈকতে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হয় সীমা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইতি/
