, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 74%

কিশোর গ্যাংসহ অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

মঙ্গলবার (৬ অক্টোবর) নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও নিষ্পত্তি এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সিএমপি কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের কার্যক্রমসহ চুরি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নাগরিকদের পুলিশি সেবা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন।

সভায় মামলা নিষ্পত্তির হার বাড়ানো এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এদিকে নগরের যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন কমিশনার। সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

সভায় সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য সিএমপির কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত