, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 76%

চাকসুর মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন শিবির প্যানেলের আকাশ দাশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে শপথ নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সদস্য আকাশ দাশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁর শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান তাঁর শপথ পড়ান।

চাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে আকাশ দাশ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করে।

তদন্ত কমিটি গত ২৫ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরই তাঁকে শপথ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

তবে নির্বাচনের প্রায় এক বছর পর শপথ নেওয়ায় তাঁর কার্যকাল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চাকসুর গঠনতন্ত্রের ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মেয়াদ শপথ গ্রহণের পর এক বছর হওয়ার কথা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান জানান, আকাশ দাশের মেয়াদ সংসদের বর্তমান মেয়াদের সঙ্গেই শেষ হবে। তাঁর ক্ষেত্রে শপথের পর নতুন করে এক বছর বা অন্য কোনো মেয়াদ গণনা করা হবে না।

শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, চাকসুর সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) উপস্থিত ছিলেন।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছিল যে মঙ্গলবার আকাশ দাশের শপথ অনুষ্ঠিত হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত