চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছরের চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
বিকেল ৩টায় ঢাকার ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চুক্তির আওতায় এনসিটি এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে ডিপি ওয়ার্ল্ড।
দীর্ঘদিন ধরেই এনসিটিতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগের উদ্যোগ চলছিল। ২০১৯ সালে এ বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ধাপে প্রক্রিয়াটি এগোয়। অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কারিগরি ও আর্থিক প্রস্তাব নিয়ে আলোচনা এবং দর-কষাকষি হয়। পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চুক্তি চূড়ান্ত করার কার্যক্রম আবার গতি পায়।
গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এনসিটি ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার খসড়া কনসেশন চুক্তিতে নীতিগত অনুমোদন দেয়।
চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহনে এনসিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টার্মিনালটির মাধ্যমে বন্দরের মোট কনটেইনারের ৪০ শতাংশের বেশি হ্যান্ডলিং হয়। ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নেওয়ার পর আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টার্মিনালের কার্যক্রম আরও দক্ষ করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিদেশি অপারেটরের ব্যবস্থাপনায় বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়তে পারে এবং জাহাজের অবস্থানকাল কমানো সম্ভব হতে পারে। এতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
তবে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের একটি অংশের মধ্যে বিরোধিতা রয়েছে। চুক্তি বাতিলের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচিও পালন করছেন। বুধবার (৭ অক্টোবর) বন্দর এলাকায় মশাল মিছিল করে আন্দোলনকারীরা।
ইতি/
