, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রামজুড়ে পর্যায়ক্রমে গড়ে তোলা হবে সাইকেল ট্র্যাক: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি নগরবাসীর হাঁটাচলা ও সুস্থ জীবনযাপনের সুযোগ বাড়াতে ওয়াকওয়ে নির্মাণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নগর উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন বিবেচনায় নেওয়া জরুরি। যারা সাইকেলে যাতায়াত করেন কিংবা শরীরচর্চা ও বিনোদনের জন্য সাইকেল চালাতে চান, তাঁদের জন্য নিরাপদ ও নির্দিষ্ট জায়গা থাকা প্রয়োজন।

তিনি জানান, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সাইকেল ট্র্যাক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে খালের দুই পাড়সহ উপযুক্ত স্থানগুলোতে হাঁটার পথ তৈরির জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্যও বাইরে বের হওয়া, হাঁটাচলা ও শরীরচর্চার সুযোগ প্রয়োজন। তাই নগর পরিকল্পনায় এসব সুবিধা নিশ্চিত করা জরুরি।

এ সময় তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সাইকেল চালানোর উপযোগী পথ ও ওয়াকওয়ে তৈরির উদ্যোগ নিতে বলেন। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাইকেল ট্র্যাকটি উদ্বোধন করেন। পরে অর্থমন্ত্রী ও মেয়র ট্র্যাকটিতে সাইকেল চালান।

নগরবাসীর নিরাপদ চলাচল, শরীরচর্চা এবং পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে নতুন এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত