রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা ককটেলের একটি বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলে কিছুক্ষণ অবস্থান করার পর ককটেল দুটি নিক্ষেপ করে চলে যান। তাঁরা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে গেছেন বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ফুটেজ পর্যালোচনার মাধ্যমে তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উদ্ধার করা অবিস্ফোরিত বস্তুটি পরীক্ষা করে স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলে জানান ডিসি ইবনে মিজান। তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, বস্তুটি পটকার মতো ছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ঘটনার বিষয়ে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা মূল সড়কের পরিবর্তে সংযোগ সড়ক ব্যবহার করে ঘটনাস্থলে এসেছিল। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থার বাইরে বিকল্প পথ ব্যবহার করে তারা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
ইতি/
