, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইট বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে নির্ধারিত দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজি৩৩৯ ও বিজি৩৪০ নম্বরের ফ্লাইট দুটি চলাচল করবে না।

শনিবার (১০ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি। এতে বলা হয়, সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত ফ্লাইট দুটির যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইট দুটির পরবর্তী সময়সূচি কিংবা চলাচলের বিষয়ে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।

এদিকে, সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয় এবং রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ টিকিট বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে যাত্রীদের বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।

অপ্রত্যাশিত এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত