, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 78%

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে।

জাতিসংঘের নির্ধারিত ২০২৬ সালের প্রতিপাদ্য হলো— ‘End Child Marriage and Invest in Girls’ Rights’। বাংলায় এর অর্থ, ‘বাল্যবিবাহ বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’। এ বছরের প্রতিপাদ্যে বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি মেয়েদের ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় সুযোগ ও সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি, মানসম্মত শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বৈষম্য ও সহিংসতা থেকে সুরক্ষা দেওয়াই দিবসটির অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে মেয়েরা যেন নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এবং নেতৃত্বের বিকাশ ঘটাতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর ১৮ বছরের আগেই এক কোটির বেশি মেয়ের বিয়ে হয়ে যায়। বাল্যবিবাহ তাদের শিক্ষাজীবন, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। এ পরিস্থিতি মোকাবিলায় মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা, পরিবারগুলোর অর্থনৈতিক সুযোগ বাড়ানো এবং আইনি ও সামাজিক সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ২০১১ সালের ১৯ ডিসেম্বর গৃহীত প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়।

দিবসটি উপলক্ষে কন্যাশিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ, লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং মেয়েদের শিক্ষা ও বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত