চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯৮ জনের শরীরে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৭১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আটজন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সাতজন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, একই সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি হয়েছেন আরও ২৭ জন ডেঙ্গু রোগী।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ২৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১০ জন এবং বেসরকারি হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬৬৬ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নিয়েছেন আরও ১ হাজার ৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৪ জনে।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৪৯৪ জন।
ডেঙ্গু পরিস্থিতিতে জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা কিংবা অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি কমাতে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
ইতি/
