চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় চুয়েটের উপাচার্য ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়। পরে শারীরিক অসুস্থতা অনুভব করায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফেরেন উপাচার্য। সেখানে অবস্থান করেই তিনি সিন্ডিকেট সভা আয়োজনের উদ্যোগ নেন।
চুয়েট সিন্ডিকেটের সদস্য ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় সভাটি ভার্চ্যুয়ালি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে ছুটিতে থাকায় তিনি সভায় অংশ নিতে পারবেন কি না, তা নিশ্চিত নন বলে জানান।
সিন্ডিকেটের আরেক সদস্য এবং ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইনও সভা আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, উপাচার্য এ বিষয়ে বার্তা পাঠিয়েছেন।
এদিকে, সভার আলোচ্যসূচি এবং বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে কী সিদ্ধান্ত আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্যের সঙ্গে ফোনে ও ক্ষুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ইতি/
