চট্টগ্রামের বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন।
ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি ৫ আগস্ট-পরবর্তী সময়ে বোয়ালখালীতে এটিকে প্রথম মিছিল হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে বক্তব্য দেন।
ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর আগে আরিফুল হাসান রুবেল বক্তব্য দেন। এ সময় তিনি শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনা এবং প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার কথা বলেন। পাশাপাশি নেতা-কর্মীদের হয়রানি না করার আহ্বান জানান। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পক্ষ থেকে পুলিশের সদস্য হত্যার বিচার দাবি করার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।
পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিয়ে মিছিল করেন। ভিডিওতে যুবলীগের কেন্দ্রীয় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা পর্যায়ের কয়েকজন নেতার ছবি সংবলিত একটি ব্যানারও দেখা যায়। ভিডিও এবং স্থানীয় সূত্রের বরাতে মিছিলে দুই শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, উপজেলার শাকপুরা এলাকায় মিছিল হয়েছে। এতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পাশাপাশি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইতি/
