, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

ইশরাক ইস্যুতে তারেকের সিদ্ধান্তকে দায়িত্বশীল বললেন মার্কিন কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত হিসেবে মূল্যায়ন করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তাঁর মতে, সরকারের সদস্যদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্যানিলোভিচ ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎকে অতীতের নেতিবাচক ধারা থেকে আলাদা পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

ইশরাক হোসেনের পদত্যাগের পেছনে রয়েছে রাজধানীতে একটি মাদকবিরোধী অভিযানে তাঁর আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্ক। গত শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেলস্টেশনের কাছে দয়াগঞ্জ এলাকায় ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর কর্মকাণ্ডের বৈধতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক। তিনি জানান, মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে এবং তাঁর কর্মকাণ্ডকে কেন্দ্র করে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া এড়াতে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পরবর্তী সময়ে তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেন এবং ২০ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

ইশরাকের পদত্যাগ ঘিরে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে জবাবদিহি, সরকারি দায়িত্ব পালনের সীমা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ব্যক্তিগত উদ্যোগের বৈধতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত