, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 77%

শাহ আমানত বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে আসা যাত্রী মো. শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দরের অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তল্লাশি চালানো হয়।

বিমানবন্দর কাস্টমস এবং ডিজিএফআই, এনএসআইসহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে যাত্রীর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাক থেকে চুড়ি আকৃতির স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।

নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মো. শরীফ মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার সদস্য বলে জানা গেছে।

উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্বর্ণ পরিবহনের অভিযোগে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত