নির্বাচনী পরিবেশ নিরাপদ না হলে বর্জনের ঘোষনা নোঙর প্রার্থী: কক্সবাজার-২

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

নির্বাচনী পরিবেশ নিরাপদ না হলে আগামী ১২ ঘণ্টার মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী শরীফ বাদশা (নোঙর)।

 

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে কুতুবদিয়া উপজেলায় তার নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ১৫/১৬ জন সমর্থককে আহত করেছে। জীবন বাঁচাতে নেতাকর্মীদের নিয়ে তিনি পাশ্ববর্তী স্কুল ভবনে আশ্রয় নেন।

 

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল ওয়েসিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনএমের প্রার্থী শরীফ বাদশা।

 

স্থানীয় প্রশাসন কোন ধরণের সহযোগিতা করছে না, এমন দাবি করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা যখন হামলা চালাচ্ছিল, তখন দাড়িয়ে ছিল এসিল্যান্ড ও থানার তদন্ত ওসি। তারা তখনও কোন ধরনের পদক্ষেপ নেয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছেন৷ পরে জীবন বাঁচাতে কক্সবাজার জেলা প্রশাসককে ফোন দিলে, তখন ওসি ও কোস্টগার্ড এসে তাদের উদ্ধার করে।

 

এছাড়াও প্রশাসন থেকে নেতাকর্মীদের চাপ দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘যারা তার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন পুলিশ ও র‌্যাব তাদেরকে হুমকি দিচ্ছে। অপরদিকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজন ভোট কেটে নেয়ার হুমকি দেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থাপিত অভিযোগের এক পর্যায়ে মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালেনের বিরুদ্ধে ডুপ্লিকেট ব্যালট চাপানোর অভিযোগ তুলেন বিএনএমের প্রার্থী শরীফ বাদশা। অভিযুক্ত কর্মকর্তাদের বদলি ও কুতুবদিয়ায় হামলা করা লোকদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ নিরাপদ করার জোর দাবি জানান তিনি। নইলে ৮০ ভাগ জনসমর্থন থাকার পরেও তিনি নির্বাচন বর্জন করবেন বলে জানিয়েছেন।

 

উল্লেখ্য, কক্সবাজার ২ আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিক (নৌকা) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মনোনীত প্রার্থী শরীফ বাদশা (নোঙর)।

[recent_tabs]