, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 80%

পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনার পেনাল্টির ‘ব্লুপ্রিন্ট’!

নিজস্ব প্রতিবেদক

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে উদযাপনের মাঝেই আলোচনায় উঠে এসেছে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে থাকা একটি ‘কৌশলপত্র’, যেখানে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা ছিল।

ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপনে ব্যস্ত, তখন দলের ম্যাসাজ থেরাপিস্ট মার্সেলো ‘ড্যাডি’ ডি’আন্দ্রেয়া পিকফোর্ডের পানির বোতলটি হাতে পান। বোতলের গায়ে টেপ দিয়ে লাগানো একটি কাগজে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নেন, সে বিষয়ে সংক্ষিপ্ত নির্দেশনা লেখা ছিল।

টেলিভিশনের সম্প্রচারে দেখা যায়, ডি’আন্দ্রেয়া বোতলটি নিয়ে যান অধিনায়ক লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও মার্কোস সেনেসির কাছে। মেসি কাগজটি মনোযোগ দিয়ে পড়েন এবং সতীর্থদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। ম্যাচটি যদি টাইব্রেকারে গড়াত, তাহলে এই নোটই পিকফোর্ডের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারত বলে মনে করা হচ্ছে।

কাগজে মেসি বা গঞ্জালেসের পাশাপাশি ম্যাচে গোল করা এনজো ফার্নান্দেজের নামও ছিল। নিজের নাম দেখে হাসতে দেখা যায় এনজোকে। পরে তিনি আকাশের দিকে তাকিয়ে ইশারা করেন, যেন টাইব্রেকারে না গড়ানোয় স্বস্তি প্রকাশ করছেন।

পরে আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কৌশলপত্রের বিস্তারিত ছবি প্রকাশ করেন। সেখানে প্রতিটি সম্ভাব্য পেনাল্টি শুটারের জন্য আলাদা নির্দেশনা লেখা ছিল, যা থেকে বোঝা যায় ইংল্যান্ডের কোচিং স্টাফ সম্ভাব্য টাইব্রেকারের জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল।

ম্যাচজুড়েই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল স্পষ্ট। কয়েক দফা বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ইংল্যান্ডের হয়ে অ্যান্থনি গর্ডন গোল করার পর পিকফোর্ডের উদযাপন নিয়েও আলোচনা হয়। পরে আর্জেন্টিনা সমতা ফেরালে ক্রিস্টিয়ান রোমেরো পিকফোর্ডের সামনেই উচ্ছ্বাস প্রকাশ করেন, যা ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

যদিও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা, তবুও পিকফোর্ডের পানির বোতলে পাওয়া সেই ‘গোপন পরিকল্পনা’ বিশ্বকাপ সেমিফাইনালের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত