, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 73%

রাঙামাটিতে নেশার টাকার বিরোধে মায়ের দায়ের কোপে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার আসামবস্তি মির্জা টিলায় নেশার টাকার বিরোধকে কেন্দ্র করে মর্মান্তিক এক পারিবারিক ঘটনায় সাকিবুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নিহত সাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের সময় তার মা দা দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ নিহতের বাবা ও মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ, ঘটনার পারিপার্শ্বিকতা এবং সংশ্লিষ্ট সকল তথ্য তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার টাকার বিরোধ থেকেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নয় আইনশৃঙ্খলা বাহিনী।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত