, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 74%

বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ,

তেলের দাম রেকর্ড ছোঁয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এতদিন বিশ্ববাজার বিভিন্ন সংকট সামলেও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হলেও বর্তমান পরিস্থিতি সেই সক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়েছে। হরমুজ প্রণালি ও বাব আল-মানদেব প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলো মারাত্মক চাপের মুখে পড়েছে।

জেপি মরগানের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে ইরানের হামলার কারণে তেলবাহী জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে। একই সময়ে ইয়েমেনের হুতি গোষ্ঠীর অবরোধে বাব আল-মানদেব প্রণালিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে বিকল্প রুট ব্যবহার করেও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে যাচ্ছে।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সামুদ্রিক বিমা সংকট। ইরান প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর নতুন টোল আরোপের পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সেই টোল পরিশোধ করলে অনেক জাহাজের বিমা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ পাইপলাইন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে আরও চাপ তৈরি হয়েছে। রাশিয়ার ডিজেল রপ্তানি কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির ঘাটতির আশঙ্কাও বেড়েছে।

বিশ্লেষকদের আরেকটি বড় উদ্বেগ হলো বৈশ্বিক অপরিশোধিত তেলের মজুত দ্রুত কমে যাওয়া। গত কয়েক মাসে বিশ্বের তেলের মজুত উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতও কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে, যা সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলাকে আরও কঠিন করে তুলতে পারে।

বর্তমানে তুলনামূলক কম চাহিদার কারণে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও বিশেষজ্ঞদের সতর্কবার্তা—চীন আবার বড় পরিসরে তেল আমদানি শুরু করলে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে পারে।

গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে অক্টোবরের মধ্যে তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে উঠতে পারে। আর পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ শুরু হলে দাম ১৫০ ডলারও ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশ্লেষকেরা।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত