চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরসহ নগরীর বিভিন্ন স্থানে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সংস্থাটির চেয়ারম্যান বেলায়েত হোসেন জানিয়েছেন, এ লক্ষ্যে একটি সমন্বিত মাস্টার ডিজাইন প্রস্তুতের কাজ চলছে। ডিজাইন চূড়ান্ত হওয়ার আগে পরিকল্পনার বাইরে কোনো উন্নয়নকাজ বা স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়া হবে না।
শনিবার চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “কর্ণফুলী তীরসহ বিভিন্ন স্থানে পর্যটন কেন্দ্র করার চিন্তা করছে সিডিএ। খুব শিগগিরই এর ডিজাইন দেওয়া হবে। তবে ডিজাইনের বাইরে কোনো কাজ করা চলবে না।”
তিনি আরও জানান, কর্ণফুলী নদীকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনায় পর্যটন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগব্যবস্থা এবং নগর সৌন্দর্য বৃদ্ধিকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। মাস্টারপ্ল্যানের আওতায় সংশ্লিষ্ট সব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সিডিএর ভাষ্য অনুযায়ী, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কর্ণফুলী নদীর তীরকে একটি আধুনিক ও নান্দনিক পর্যটন করিডোরে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে। এতে নগরবাসীর বিনোদনের সুযোগ বাড়ার পাশাপাশি পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
ইতি/
