, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 95%

মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসনের তামান লিঙ্গিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—একই বাড়িতে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় আরও এক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেগ্রি সেম্বিলানের পুলিশপ্রধান ডিসিপি আলজাফনি আহমেদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার ও নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি বাগানে কর্মরত ছিলেন এবং নিহতদের সঙ্গে একই বাসায় থাকতেন।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুজনের মরদেহ সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় এবং অপর একজনের মরদেহ তাঁদের বাসার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়েছে।

পুলিশপ্রধান আলজাফনি আহমেদ বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ ধারাবাহিকতা উদঘাটনে তদন্ত চলছে। তিনি জনগণকে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এ ঘটনায় কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেন।

প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত