চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন (৪৯) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতের দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুনের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জামাল নিজের বাড়ির আইপিএসের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামাল হোসেনের পরিবারে স্ত্রী-সন্তানসহ স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইতি/
