, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

চট্টগ্রামে ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের চার নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন—চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন সারজিল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেন এবং কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল।

মহানগর ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই চার নেতার পদ স্থগিত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে অভিযোগের বিস্তারিত আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার চট্টগ্রাম নগরের একটি হোটেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় অংশগ্রহণকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা আল মামুন সাদ্দাম বলেন, নির্ধারিত নেতাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি ছিল এবং তাদের জন্য নির্দিষ্ট সংখ্যক আমন্ত্রণপত্র বরাদ্দ করা হয়েছিল। কিন্তু কয়েকজন নেতা বিভিন্নভাবে কার্ড সংগ্রহ করে অনুষ্ঠানে অংশ নেন। বিষয়টি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, পদ স্থগিত হওয়া চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুকের দাবি, তিনি ‘জুলাইযোদ্ধা’ হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। পাশাপাশি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব হিসেবেও তার আমন্ত্রণ পাওয়ার অধিকার ছিল বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণেই তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান চট্টগ্রামে পৌঁছানোর আগেই তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার রাতে চট্টগ্রাম নগরের হোটেল র‌্যাডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত ওই সাংগঠনিক সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং অঙ্গসংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মী অংশ নেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত