, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

আকবরশাহ ওসিকে ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী ও মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, ওসি কামরুজ্জামানের দায়িত্ব পালনের কারণে অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন বক্তব্য ও তথ্য ছড়াচ্ছে।

তবে এসব প্রচারণা নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে রয়েছে। তারা বিষয়টি পর্যালোচনা করছেন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কয়েকজনের দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর আকবরশাহ থানা এলাকায় মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের তৎপরতা বেড়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও তাদের দাবি।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, নতুন নেতৃত্বের পর এলাকায় অপরাধের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে অপরাধ কমার নির্দিষ্ট হার বা পরিসংখ্যানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এদিকে মাদকবিরোধী সংগঠন অ্যান্টি ড্রাগ নেটওয়ার্ক-এর নেতৃবৃন্দ ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কথিত অপপ্রচারের নিন্দা জানিয়েছেন।

সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান এস এম আজিজ, সভাপতি স ম জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজামী এক বিবৃতিতে দাবি করেন, মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

তারা বলেন, কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পরিবর্তে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত করা উচিত। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানান তারা।

সংশ্লিষ্ট মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই হবে সবচেয়ে কার্যকর পথ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত