কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা এলাকার জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়া এলাকার শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস খুটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে তিনজন এবং মালুমঘাটের হাসপাতালে একজন মারা যান।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইতি/
