চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ একটি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে বীজগুলো উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শামসুল ইসলাম হেলালী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ মাদ্রাসাটি পরিদর্শনে গেলে সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে কক্ষটি খুলে সেখানে ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ২০ দিন আগে বীজগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়ন দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজ পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো বিতরণ হওয়ার কথা থাকলেও তা হয়নি। বীজগুলো কীভাবে একজন রাজনৈতিক নেতার দায়িত্বে থাকা মাদ্রাসায় সংরক্ষিত হলো, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তবে শামসুল ইসলাম হেলালী বীজগুলো আত্মসাৎ বা অবৈধভাবে রাখার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কৃষকদের বিতরণের জন্য মোট ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়। অবশিষ্ট বীজ কৃষকদের মধ্যে বিতরণের জন্য মাদ্রাসায় রাখা হয়েছিল। ব্যস্ততার কারণে সেগুলো সময়মতো বিতরণ করা সম্ভব হয়নি
ইতি/
