পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরে বর্ণাঢ্য র্যালি করেছে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। শুক্রবার (১৫ আগস্ট) নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখানের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালির আগে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি ও জুলুস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ সামশুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনজুমান সদস্য মোহাম্মদ সাদেক হোসেন পাপ্পু।
সমাবেশে বক্তারা বলেন, রবিউল আউয়াল মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি মাস। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁর জীবনাদর্শ অনুসরণের প্রত্যয় থেকেই এ মাসকে স্বাগত জানাতে প্রতিবছর চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
প্রধান অতিথি মোহাম্মদ মনজুর আলম বলেন, চট্টগ্রামের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর আয়োজন দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী দিনের জশনে জুলুসও যেন সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে জশনে জুলুসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এবারের জশনে জুলুসকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিউল আউয়ালকে স্বাগত জানানোর পাশাপাশি এ আয়োজন মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, শান্তি, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
র্যালিতে ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আনজুমান সদস্য, গাউসিয়া কমিটির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।
এদিকে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের রাউজান, হাটহাজারী, পটিয়া ও আনোয়ারাসহ বিভিন্ন উপজেলাতেও র্যালি ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে আনজুমান, গাউসিয়া কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ইতি/
