বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন মনোনীত নেতারা হলেন—দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত নেতা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন। ফরহাদ হালিম ডোনারও একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে মো. ইসমাইল জবিউল্লাহ বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য বিএনপির গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতেও তাঁকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিএনপির স্থায়ী কমিটি ১৯ সদস্যের হলেও বিভিন্ন সময়ে মৃত্যু, পদত্যাগ ও অন্যান্য কারণে কয়েকটি পদ শূন্য হয়। সর্বশেষ চার নেতাকে যুক্ত করার ফলে কমিটিতে সক্রিয় সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলের সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে শূন্য হওয়া পদে ধাপে ধাপে নতুন নেতাদের অন্তর্ভুক্ত করেছে বিএনপি।
ইতি/
