, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

শাহ আমানত বিমানবন্দর আধুনিকায়নে চেম্বার সভাপতির ৫ দফা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক বিনিয়োগ, বাণিজ্য ও লজিস্টিকসের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

শনিবার (১৫ আগস্ট) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক এসব প্রস্তাব তুলে ধরেন।

চেম্বারের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগ, আন্তর্জাতিক রুটে ৪০ শতাংশ রেয়াতি (Preferential) ট্যারিফ নির্ধারণ, দীর্ঘপাল্লার ফ্লাইটের যাত্রাবিরতির সময় যাত্রী ওঠানামার সুযোগ সৃষ্টি, Long Haul Flight পরিচালনায় ট্রানজিট ও রিফুয়েলিং সুবিধা নিশ্চিত করা এবং বিমানবন্দরসংলগ্ন এলাকায় PPP, BOO বা BOOT পদ্ধতিতে Cargo Village ও ICD/CFS স্থাপন।

চিঠিতে আমিরুল হক উল্লেখ করেন, দেশের প্রধান সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রামকে ঘিরে গড়ে উঠেছে। ফলে জাতীয় অর্থনীতি ও বিনিয়োগের ক্ষেত্রে এ অঞ্চলের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

তার মতে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান অবকাঠামোগত সক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগানো গেলে যাত্রী ও কার্গো পরিবহন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ট্রানজিট ও কানেক্টিং ট্রাফিক আকর্ষণের সুযোগ তৈরি হবে। এতে ঢাকাকেন্দ্রিক বিমান চলাচলের ওপর চাপও কমানো সম্ভব হবে।

চেম্বার সভাপতি বলেন, ভৌগোলিক অবস্থান ও বিদ্যমান বন্দর-শিল্প অবকাঠামোর কারণে চট্টগ্রামকে East-West Aviation, Tourism ও Logistics-এর একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পতেঙ্গা ও বিমানবন্দরসংলগ্ন এলাকায় কার্গো ভিলেজ এবং ICD/CFS স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি ও অবস্থানগত সুবিধা রয়েছে। বেসরকারি খাতকে সম্পৃক্ত করে PPP, BOO বা BOOT মডেলে এসব অবকাঠামো গড়ে তোলা হলে সরকারি বিনিয়োগের চাপ কমানোর পাশাপাশি দ্রুত বাস্তবায়ন সম্ভব হতে পারে।

রেয়াতি ট্যারিফের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে আমিরুল হক বলেন, বিমানবন্দরে অধিক সংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট ও কার্গো আকর্ষণের জন্য প্রতিযোগিতামূলক চার্জ কাঠামো গুরুত্বপূর্ণ। একইভাবে চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রণোদনামূলক নীতিও প্রয়োজন।

চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী এবং আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিকস হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবসায়ী সমাজের প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিসিসিআই সভাপতি।

উল্লেখ্য, চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে বড় ধরনের কার্গো ও যাত্রী হাব হিসেবে উন্নয়নের উদ্যোগের কথাও সাম্প্রতিক সময়ে উঠে এসেছে

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত