সংযুক্ত আরব আমিরাতে প্রায় দুই বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনে অবশেষে সাফল্যের দেখা পেয়েছেন বাংলাদেশি প্রবাসী আরিফুজ্জামান শুভ। ‘বিগ টিকেট’-এর ২৮৯তম সিরিজে সান্ত্বনা পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ দিরহাম।
৩৮ বছর বয়সী আরিফুজ্জামান গত ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। আজমানে থাকলেও তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশে রয়েছেন।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে প্রতি মাসে বন্ধুদের একটি দলের সঙ্গে ‘বিগ টিকেট’-এ অংশ নিতেন তিনি। ১০ বন্ধুর সম্মিলিত প্রচেষ্টায় নিয়মিত টিকিট কেনার সেই ধারাবাহিকতার মধ্যেই সিরিজ ২৮৯-এ আসে কাঙ্ক্ষিত সাফল্য।
পুরস্কার জয়ের খবর পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিফুজ্জামান জানান, খবরটি শুনে তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে তাৎক্ষণিকভাবে কোনো কথা বলতে পারছিলেন না। এত বড় পুরস্কার পাওয়া তাঁর কাছেও কিছুটা অবিশ্বাস্য মনে হয়েছে।
জানা গেছে, পাওয়া অর্থ তাৎক্ষণিকভাবে খরচ করার কোনো পরিকল্পনা নেই আরিফুজ্জামানের। ভবিষ্যতের প্রয়োজন ও নিজের স্বপ্ন পূরণের জন্য অর্থটি সঞ্চয় করে রাখতে চান তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও ‘বিগ টিকেট’-এ অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন এই প্রবাসী।
অন্য অংশগ্রহণকারীদের উদ্দেশে আরিফুজ্জামান আশাবাদী থাকার পরামর্শ দিয়েছেন এবং ‘বিগ টিকেট’-এর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সিরিজ ২৮৯-এ মোট পাঁচজন সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। প্রত্যেক বিজয়ী পেয়েছেন ১ লাখ দিরহাম করে। বিজয়ীদের মধ্যে আরিফুজ্জামান শুভ ছাড়াও ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল ও শরৎ শশিধরণ রয়েছেন। অপর বিজয়ীও বাংলাদেশের নাগরিক—সবুজ মো. দেলোয়ার মুন্সি।
সব মিলিয়ে সিরিজটিতে সান্ত্বনা পুরস্কার হিসেবে পাঁচ বিজয়ীর মধ্যে বিতরণ করা হয়েছে মোট ৫ লাখ দিরহাম।
ইতি/
